• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাবি’র বিভিন্ন আবাসিক হলের ঝুঁকিপূর্ণ অংশজরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৩১, ২০২৫
ঢাবি’র বিভিন্ন আবাসিক হলের ঝুঁকিপূর্ণ অংশজরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের ঝুঁকিপূর্ণ অংশ জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি প্রশমন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে জরুরি পদক্ষেপ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গতকাল ৩০ জুলাই ২০২৫ বুধবার উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আক্রাম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় আবাসিক হলে মনিটরিং জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয় এবং ভবনের সিলিং ওয়াল প্লাস্টার বা কংক্রিট ফেটে যাওয়াসহ ঝুঁকিপূর্ণ বিষয় পরিলক্ষিত হলে জরুরি ভিত্তিতে প্রকৌশল দপ্তরকে অবহিত করার জন্য হল প্রশাসনের প্রতি নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ঝুঁকিপূর্ণ অংশগুলো সংস্কারের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। ফজলুল হক মুসলিম হলের প্রধান ভবনের ৫৯ টি কক্ষের মধ্যে ৫ টি কক্ষের মেরামত কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কক্ষগুলোর মেরামতের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের কয়েকটি কক্ষের মেরামত কাজ সম্পন্ন হয়েছে। আরও কয়েকটি কক্ষের মেরামতের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া, হাজী মুহম্মদ মুহসীন হলের ১৬৯টি কক্ষ ও মসজিদ, রিডিং রুম, ডাইনিং এবং পেপার রুমের সিলিং এর লুজ কংক্রিট ও প্লাস্টার ভেঙ্গে পরিস্কার করা হয়েছে। এসব কক্ষের অভ্যন্তরীণ সংস্কার ও রং করার জন্য ৮০ লাখ ৯৬ হাজার টাকার প্রাক্কলন প্রণয়ন করা হয়েছে। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের বিভিন্ন কক্ষ ও বারান্দার সিলিং এর লুজ প্লাস্টার ভেঙ্গে পরিস্কার করা হয়েছে। এই হলের সংস্কার ও রং করার জন্য ৯১ লাখ টাকার প্রাক্কলন প্রণয়ন করা হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930