• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

টেকসই অবকাঠামো ও পেশাদারিত্বের অঙ্গীকার: “সবার উপরে দেশ” মতবিনিময় সভায়সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৬
টেকসই অবকাঠামো ও পেশাদারিত্বের অঙ্গীকার: “সবার উপরে দেশ” মতবিনিময় সভায়সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি, মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ এমপি এবং মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ রাজিব আহসান এমপি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

আজ সকাল ১০টায় রাজধানীর বনানীস্থ সেতু বিভাগের সম্মেলন কক্ষে এবং পরবর্তীতে বেলা সাড়ে ৪টায় সচিবালয়স্থ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয় নির্ধারণ এবং সার্বিক সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, চলমান জনকল্যাণমুখী প্রতিটি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রকল্পের গুণগত মানের ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। প্রতিটি কাজ সততা ও স্বচ্ছতার সাথে শৃঙ্খলা বজায় রেখে ও প্রজ্ঞা নিয়ে করে যেতে হবে। তিনি কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

বর্তমান সরকার গণমানুষের সরকার আখ্যা দিয়ে মন্ত্রী আরো বলেন, প্রতিটি সরকারি প্রতিষ্ঠানকে দেশ মাতৃকার জন্য কাজ করতে হবে। সবার উপরে দেশ। জনভোগান্তি কমিয়ে টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ইদ যাত্রাকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. জিয়াউল হক এবং মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থার প্রধানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031