• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানজনক পুনর্বাসন হওয়া উচিত : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৪, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানজনক পুনর্বাসন হওয়া উচিত : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতরা তাঁদের শরীরে ও মননে অভ্যুত্থানকে বয়ে বেড়াচ্ছেন। এজন্য জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানজনক পুনর্বাসন হওয়া উচিত। সোমবার (৪ঠা আগস্ট) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের জন্য তিন দিনব্যাপী বেসিক জার্নালিজম ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গণঅভ্যুত্থানে আহতদের প্রথাগত পুনর্বাসন-ব্যবস্থা থেকে বের হতে হবে উল্লেখ করে তিনি বলেন, যদি আহতদের যেকোনো বিষয়ে প্রশিক্ষিত করা যায়, তাহলে তাঁরা জাতি গঠনে দীর্ঘমেয়াদে ভূমিকা রাখতে পারবেন। এর মাধ্যমে তাঁরা সমাজেও সম্মানিত হবেন।

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের জন্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারবেন। উপদেষ্টা জানান, সরকারের উদ্যোগে এক হাজারের অধিক আহতকে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।

মাহফুজ আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকেই দেশের জন্য রিজার্ভ ফোর্স। তিনি গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দেশ গড়ার কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।

বেসিক জার্নালিজম ট্রেনিংয়ে অংশগ্রহণকারী আহত শিক্ষার্থীরা বলেন, তাঁরা দেশের জন্য কাজ করতে আগ্রহী। এজন্য তাঁদের দক্ষতা উন্নয়ন প্রয়োজন। দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য তাঁরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ ও ইনস্টিটিউটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930