• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জমকালো আয়োজনে ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠিত: বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৩, ২০২৬
জমকালো আয়োজনে ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠিত: বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

দেশের ক্রীড়া সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) উদ্যোগে আয়োজিত হলো দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’।

শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দেশের সেরা ক্রীড়াবিদ ও সংগঠকদের হাতে তুলে দেওয়া হয় তাদের অবদানের স্বীকৃতি। ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়া পুরস্কার প্রবর্তন করা বিএসপিএ এবার ১৬টি বিভাগে সর্বমোট ১৫ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করেছে।

এবারের আসরে সব আলো কেড়ে নিয়েছেন তারকা ফুটবলার হামজা চৌধুরী। নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও হকি খেলোয়াড় আমিরুল ইসলামকে পেছনে ফেলে তিনি জিতে নিয়েছেন ২০২৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের (স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার) সর্বোচ্চ খেতাব। একই সঙ্গে ক্রীড়ামোদীদের ভোটে ‘পপুলার চয়েজ অ্যাওয়ার্ড’ এবং ফুটবলে অনন্য অবদানের জন্য ‘বর্ষসেরা ফুটবলার’-এর পুরস্কারও জয় করেন তিনি। এই ট্রেবল জয়ে এবারের বিএসপিএ অ্যাওয়ার্ডে রাজত্ব করলেন হামজা।

পুরস্কার পাওয়ার পর এক ভিডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করে হামজা চৌধুরী বলেন, *“আমি এই পুরস্কার পেয়ে খুবই গর্ববোধ করছি। কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড দেশের ঐতিহ্যবাহী পুরস্কার। সারা বছর ধরে আমাকে ও জাতীয় দলকে সাপোর্ট করার জন্য আমি আমার পরিবার, কোচ, সতীর্থ, বন্ধু এবং ফ্যানদের ধন্যবাদ জানাচ্ছি।”

বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। তিনি নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, “বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনেক বছর ধরে হয়ে আসছে। আগে ফুটবলার হিসেবে এখানে এসেছি, এখন ক্রীড়ামন্ত্রী হিসেবে এলাম। আমার মনে হয়, এটি আমাদের ক্রীড়াঙ্গণের বড় একটি অর্জন।”

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাইদ। দেশের স্বনামধন্য এই কর্পোরেট প্রতিষ্ঠানের জনপ্রিয় ব্র্যান্ড ‘কুল’ এবার নিয়ে টানা ১১ বারের মতো এই মর্যাদাপূর্ণ আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছে। মালিক মোহাম্মদ সাইদ বলেন, “বিএসপিএ প্রাচীন ক্রীড়া সাংবাদিকদের সংগঠন এবং এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডে আমাদেরকে সাথে রাখার জন্য বিএসপিএকে ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানের সভাপতি ও বিএসপিএ-এর সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব তার বক্তব্যে দেশের ক্রীড়া সাংবাদিকতার মান তুলে ধরে বলেন, *“আমার মনে হয়, আমাদের স্পোর্টস সাংবাদিকতা বিশ্বমানের। কিন্তু এখানে এখনও অনেক কিছুরই উন্নতি করার সুযোগ আছে। বিএসপিএ একটি স্পোর্টস জার্নালিস্ট ইনস্টিটিউট করতে চায়। এজন্য আমরা সকলকে পাশে চাই।”

একনজরে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫-এর বিজয়ীবৃন্দ:
বর্ষসেরা ক্রীড়াবিদ:হামজা চৌধুরী (চ্যাম্পিয়ন), ঋতুপর্ণা চাকমা (রানার-আপ), আমিরুল ইসলাম (রানার-আপ)।
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: হামজা চৌধুরী।
বর্ষসেরা ফুটবলার:হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা।
বর্ষসেরা ক্রিকেটার: রিশাদ হোসেন।
বর্ষসেরা হকি খেলোয়াড়: আমিরুল ইসলাম।
বর্ষসেরা আর্চার: আব্দুর রহমান আলিফ।
বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়: খই খই সাই মারমা।
বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড়:আল আমিন জুমার।
উদীয়মান ক্রীড়াবিদ:রিপন মন্ডল (ক্রিকেট)।
বর্ষসেরা কোচ:পিটার বাটলার (নারী ফুটবল)।
বর্ষসেরা আম্পায়ার: সেলিম লাকী (হকি)।
বর্ষসেরা সংগঠক: কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল (আর্চারি)।
তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব: আলমগীর কবীর (ক্রিকেট কোচ)।
বিশেষ সম্মাননা: শাহনাজ পারভীন মালেকা (কাবাডি কোচ)।
সেরা পৃষ্ঠপোষক: প্রাইম ব্যাংক পিএলসি।
সক্রিয় ফেডারেশন: বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930