• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সিলিন্ডার বিস্ফোরণে নিহত সিএনজিচালক আবদুস সবুরের পরিবারকে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে সিএনজি হস্তান্তর

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৪
সিলিন্ডার বিস্ফোরণে নিহত সিএনজিচালক আবদুস সবুরের পরিবারকে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে সিএনজি হস্তান্তর

চট্টগ্রামের চন্দনাইশে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে নিহত দরিদ্র চালক আবদুস সবুরের পরিবারকে একটি নতুন সিএনজি অটোরিকশা উপহার হিসেবে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী হাছানের পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর লেনস্থ বাসায় মন্ত্রীর সহধর্মিণী নুরান ফাতিমা ও ছোট ভাই খালেদ মাহমুদ প্রয়াত আবদুস সবুরের স্ত্রী রুমি আকতারের হাতে সিএনজি অটোরিকশাটির চাবি তুলে দেন।

নুরান ফাতিমা এ সময় বলেন, সিএনজিচালক সবুরের জীবন্ত দগ্ধের খবর দেখে পররাষ্ট্রমন্ত্রী নিজেই ভারাক্রান্ত হয়ে পড়েন। তিনি চিন্তা করেন নিহতের পরিবারটি বেঁচে থাকার জন্য একটা অবলম্বন প্রয়োজন। সেজন্য একটি নতুন সিএনজি কিনে আজকে আমরা তাদেরকে হস্তান্তর করেছি। যে কোনো প্রয়োজনে পরিবারটির পাশে থাকার চেষ্টা করবো।

এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ বলেন, আমরা পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন থেকে আমাদের এলাকা রাঙ্গুনিয়াসহ বিভিন্ন অঞ্চলে মানবিক সহায়তা দিয়ে থাকি। সাতকানিয়ার পশ্চিম ঢেমশার সবুরের দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা সারা দেশকে নাড়া দিয়েছে। পরিবারটি আজ নিঃস্ব হয়ে গেছে। তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

নিহতের মা, দুই শিশু সন্তান, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ, সাতকানিয়া উপজেলার ৯নং পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমন, ইউপি সদস্য নাছির উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের মাজার পয়েন্ট ব্রিজ এলাকায় নিজচালিত সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে ভেতরেই দগ্ধ হয়ে আবদুস সবুর (৩৫) নিহত হন। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি গ্রামের মফিজুর রহমানের ছেলে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930