• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৬
মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

দেশের প্রাইমারি টেক্সটাইল শিল্পের সুরক্ষা ও রপ্তানি স্বার্থে জরুরি নীতিসহায়তার অনুরোধ; বিবেচনার আশ্বাস রাষ্ট্রপতির

বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)-এর সভাপতি জনাব শওকত আজিজ রাসেলের নেতৃত্বে সংগঠনটির ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ।

সাক্ষাৎকালে বিটিএমএ সভাপতি দেশের প্রাইমারি টেক্সটাইল ও স্পিনিং শিল্পের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে শিল্পখাতে, বিশেষ করে টেক্সটাইল ও স্পিনিং শিল্পে গ্যাস সরবরাহ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, যা শিল্পের উৎপাদন কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলছে । শিল্পের উৎপাদন, কর্মসংস্থান ও রপ্তানি সক্ষমতা সুরক্ষায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের গৃহীত উদ্যোগের জন্য তিনি বিটিএমএ-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন ।

সাক্ষাৎকালে দেশের প্রাইমারি টেক্সটাইল ও রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় । জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং এলডিসি-উত্তরণ-পরবর্তী রপ্তানি সক্ষমতা সুরক্ষার লক্ষ্যে বিটিএমএ-এর পক্ষ থেকে নিম্নোক্ত বিষয়ে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানের জন্য মহামান্য রাষ্ট্রপতির নিকট লিখিত প্রস্তাব উপস্থাপন করা হয়:
১. জাতীয় রাজস্ব বোর্ডের আদেশ নং-৫১/২০২৬/কাস্টমস/৫১৯, তারিখ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ অনুযায়ী HS Heading 5205, 5206 ও 5207-এর আওতাধীন ১০–৩০ কাউন্ট কটন সুতা আমদানির ক্ষেত্রে বন্ড সুবিধা প্রত্যাহার এবং প্রকৃত রপ্তানিকারকদের Bank Guarantee-এর মাধ্যমে সুতা আমদানির সুযোগ প্রদানের সিদ্ধান্ত বহাল রাখা । উক্ত সিদ্ধান্ত বহাল রাখা হলে স্থানীয়ভাবে উৎপাদনযোগ্য কটন সুতা আমদানির পরিমাণ হ্রাস পাবে এবং ২০২৪–২০২৫ অর্থবছরে আমদানিকৃত প্রায় ৩০ হাজার কোটি টাকা মূল্যের সুতার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে ।
২. নন-বন্ডেড শিল্পের ব্যাংক গ্যারান্টিভিত্তিক কাঁচামাল আমদানিতে ৩০% স্থানীয় মূল্য সংযোজনের শর্ত পুনর্বহাল এবং এলডিসি-উত্তরণ-পরবর্তী রপ্তানি সক্ষমতা নিশ্চিত করতে সকল রপ্তানির ক্ষেত্রে ন্যূনতম ৪০% স্থানীয় মূল্য সংযোজন নিশ্চিত করা ।
৩. প্রতিযোগী দেশসমূহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমন্বিত Textile & Apparel Competitiveness Policy প্রণয়ন করা যাতে শুল্ক, কর, জ্বালানি, অর্থায়ন ও রপ্তানি সহায়তাসহ সংশ্লিষ্ট নীতিসমূহ সমন্বিতভাবে বিবেচিত হয় ।
৪. শিল্পখাতে বর্তমানে উন্নত গ্যাস সরবরাহ পরিস্থিতি অব্যাহত রেখে প্রয়োজনীয় চাপ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।
৫. বন্ড সুবিধার অপব্যবহার রোধে কার্যকর নজরদারি, যাচাই ও আইনানুগ ব্যবস্থা আরও জোরদার করা ।

মহামান্য রাষ্ট্রপতি বিটিএমএ নেতৃবৃন্দের উপস্থাপিত বিষয়সমূহ অত্যন্ত গুরুত্ব ও মনোযোগের সঙ্গে শ্রবণ করেন । তিনি দেশের প্রাইমারি টেক্সটাইল শিল্পের বর্তমান চ্যালেঞ্জসমূহের গুরুত্ব উপলব্ধি করে বিষয়গুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস প্রদান করেন । একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে মর্মে তিনি আশ্বাস প্রদান করেন ।

সৌজন্য সাক্ষাৎকালে মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, এসইউপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, জন বিভাগের সচিব এ. জে.এম. সালাহউদ্দিন নাগরী এবং প্রেস সচিব উপস্থিত ছিলেন । বিটিএমএ-এর পক্ষে সভাপতি জনাব শওকত আজিজ রাসেল, সাবেক সভাপতি জনাব আব্দুল হাই সরকার, ভাইস প্রেসিডেন্ট জনাব মো. শামীম ইসলাম, ভাইস প্রেসিডেন্ট জনাব শফিকুল ইসলাম সরকারসহ সংগঠনের সাবেক সহ-সভাপতি, বর্তমান ও সাবেক পরিচালক এবং অন্যান্য নেতৃবৃন্দসহ মোট ২৩ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930