চট্টগ্রাম এর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও আদালতে জামিন নামঞ্জুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
ইসকনের পুরোহিত ও বৈষ্ণব চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের ঘটনাকে ক্রমবর্ধমান ভীতিকর পরিবেশের একটি উদ্বেগজনক উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এক্সে দেওয়া বার্তায় প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ‘‘প্রতিবেশী বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে ‘চলমান সহিংসতা’ অত্যন্ত উদ্বেগজনক।’’
তিনি বলেন, ‘‘বাংলাদেশে ইসকন মন্দিরের সাধুকে গ্রেপ্তার করার খবর এবং সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে অব্যাহত সহিংসতা অত্যন্ত উদ্বেগজনক। আমি কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপ এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশের সরকারের কাছে জোরালোভাবে উত্থাপন করার জন্য আহ্বান জানাই।’’