• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের

রাজীব দে:

২৫তম টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনস ২০২৬-এ ৩৭ দেশের প্রায় ১,৪৭৫ কোম্পানির অংশগ্রহণ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পকে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন, অটোমেশন এবং টেকসই উৎপাদনব্যবস্থার সঙ্গে দ্রুত অভিযোজিত হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, সিআইপি।

রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘২৫তম টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অমল পোদ্দার বলেন, “বর্তমান বৈশ্বিক বাস্তবতায় প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের শিল্পকে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন, অটোমেশন ও টেকসই উৎপাদনব্যবস্থার সঙ্গে দ্রুত অভিযোজিত হতে হবে। এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী দেশীয় উদ্যোক্তাদের সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করার পাশাপাশি বৈশ্বিক ক্রেতা ও সরবরাহকারীদের সঙ্গে কার্যকর ব্যবসায়িক সংযোগ তৈরির গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।”

তিনি বলেন, বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পণ্যের গুণগত মান, প্রযুক্তিগত দক্ষতা, জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব উৎপাদনের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের আধুনিক টেক্সটাইল মেশিনারি, ফেব্রিকস, সুতা, ডাইং ও ফিনিশিং প্রযুক্তি, গার্মেন্টস অ্যাকসেসরিজ, কেমিক্যাল এবং সংশ্লিষ্ট শিল্পের সর্বশেষ প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে দেশীয় উদ্যোক্তা ও শিল্পসংশ্লিষ্টদের আন্তর্জাতিক প্রযুক্তি ও বাজারের সর্বশেষ প্রবণতার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

সেমস-গ্লোবাল(CEMS-Global)-এর প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর (MD) মেহেরুন এন ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সম্মানসূচক অনুষ্ঠানে তিনি বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, সিআইপিকে বিশেষ সম্মাননা ও এওয়ার্ড প্রদান করেন।

সেমস-গ্লোবাল আয়োজিত ‘২৫তম টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনস ২০২৬’ ২ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল, ঢাকায় অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রদর্শনীতে বিশ্বের ৩৭টি দেশের প্রায় ১,৪৭৫টি কোম্পানি অংশ নিয়েছে। প্রদর্শনীতে রয়েছে ২,২৪৫টিরও বেশি বুথ ও প্যাভিলিয়ন।

আয়োজকদের মতে, এবারের প্রদর্শনীতে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান, প্রস্তুতকারক, সরবরাহকারী, আমদানিকারক, রপ্তানিকারক এবং দেশীয় শিল্প উদ্যোক্তাদের ব্যাপক অংশগ্রহণ রয়েছে। ফলে বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের সঙ্গে আন্তর্জাতিক প্রযুক্তি ও ব্যবসায়িক অংশীদারদের যোগাযোগ আরও জোরদার হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতে প্রযুক্তি স্থানান্তর, বিনিয়োগ, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদনব্যবস্থা গড়ে তুলতেও এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930