বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ রফিকুল ইসলাম, এনডিইউ, পিএসসি (অবঃ) অদ্য ১৩ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) তারিখে সকাল ১১ টা ৩৫ ঘটিকায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী , এক কন্যা, এক পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ রফিকুল ইসলাম, এনডিইউ , পিএসসি (অবঃ) ১৯৫২ সালের ০১ ফেব্রুয়ারি চাঁদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ০২ আগস্ট ১৯৬৭ সালে পাকিস্তান বিমান বাহিনী একাডেমীতে যোগদান করেন এবং ১৩ মার্চ ১৯৭১ সালে পাকিস্তান বিমান বাহিনীতে জিডি(পি) শাখায় কমিশন লাভ করেন। স্বাধীনতার পর দেশ মাতৃকার টানে ২৯ মে ১৯৭২ সালে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন। এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ রফিকুল ইসলাম এনডিইউ , পিএসসি (অবঃ) শুধু একজন চৌকস বৈমানিকই ছিলেন না, ছিলেন একজন দূরদর্শী নেতাও যিনি বাংলাদেশ বিমান বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি তাঁর সামরিক জীবনে বাংলাদেশ বিমান বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং ২০০১ সালের ০৩ জুন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হিসেবে নিযুক্ত হোন। দীর্ঘ ৩১ বছর ২৫ দিন চাকুরী শেষে বিমান বাহিনী প্রধান হিসেবে তিনি ২০০২ সালের ০৮ এপ্রিল বাংলাদেশ বিমান বাহিনী থেকে অবসর গ্রহণ করেন।
উল্লেখ্য যে, আগামীকাল (১৪ আগস্ট ২০২৬ ), সামরিক মর্যাদায় মরহুমের নামাজে জানাযা এবং ফিউনারেল প্যারেড ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার(তেজগাঁও) এর প্যারেড গ্রাউন্ডে দুপুর ০২ টা ৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।