• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাঙামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১, ২০২৫
রাঙামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর নেতৃত্বে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় পরিণত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। এতে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, রাঙামাটি পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল আলীম, রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকরা।

২০২৫ সালের মে দিবসের প্রতিপাদ্য ছিল “শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে”, এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের প্রতিপাদ্য ছিল “শ্রমজীবী মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার”।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে দেশীয় শিল্পকে টিকিয়ে রাখতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের ন্যায্য মজুরি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ না দেওয়ার বিষয়ে মালিক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাঙামাটি কার্যালয় থেকে বিভিন্ন সেক্টরের শ্রমিকদের জন্য আইনগত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। শ্রমিকদের সমস্যা বা পাওনা সংক্রান্ত অভিযোগ জানাতে টোল-ফ্রি হটলাইন ১৬৩৫৭ নাম্বারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।

বক্তারা বলেন, মালিক-শ্রমিক এবং সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কর্মক্ষেত্রে পেশাগত সুরক্ষা ও শোভন পরিবেশ নিশ্চিত করলে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও বেগবান হবে। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930