রাঙামাটির দুর্গম পাহাড়ি উপজেলা বাঘাইছড়ির রূপকারী ও বটতলী মৌজার অন্তর্গত প্রশিক্ষণ টিলা বাঙালী পাড়ায় দীর্ঘদিন ধরে বসবাসরত অবহেলিত ও দুঃস্থ পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৪ জুন) সকালে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার নিজে উপস্থিত থেকে ৭৬টি অসহায় পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে চাল সহায়তা প্রদান করেন। মোট বিতরণ করা হয়েছে প্রায় ১৫০০ কেজি চাল।
এই গ্রামটি এতটাই পিছিয়ে পড়া যে এবারের পবিত্র ঈদুল আজহার সময়ও কোনো কোরবানি হয়নি। যখন সারাদেশ ঈদের আনন্দে মেতে ছিল, তখন এই জনপদে নেমে এসেছিল নীরবতা ও অভাবের কষ্ট।
প্রশাসনের এই মানবিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন গ্রামবাসীরা। অনেকের চোখেই জল এসে যায়। তারা রাঙামাটির জেলা প্রশাসক এবং বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন, “প্রথমবারের মতো সরকারি সহায়তা পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এই সহযোগিতা আমাদের বাঁচার নতুন সাহস জুগিয়েছে। আমরা চাই এই সহায়তা নিয়মিত চলুক।”
বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী ও দুর্গম এলাকার দুঃস্থ জনগণের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।