অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ডিবিএ-এর গভীর শ্রদ্ধা নিবেদন
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ডিবিএ-এর গভীর শ্রদ্ধা নিবেদন
নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬
মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ডিবিএ-এর পক্ষ থেকে মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। ডিবিএ-এর পক্ষ থেকে জানানো হয়, একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল ও অহঙ্কারের দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে গিয়ে যারা বুকের রক্ত ঢেলে দিয়েছেন, তাদের সেই অনন্য আত্মত্যাগ আজ বিশ্বজুড়ে স্বীকৃত। ভাষা শহীদদের সেই চেতনাকে ধারণ করেই বাঙালি জাতি স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অর্জন করেছে।
ডিবিএ নেতৃবৃন্দ বলেন, “ভাষা আন্দোলনের মাধ্যমে যে গণতান্ত্রিক ও সাংস্কৃতিক চেতনার উন্মেষ ঘটেছিল, তা আজও আমাদের ন্যায়বিচার ও সমৃদ্ধ দেশ গড়ার অনুপ্রেরণা জোগায়। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই শুভ ক্ষণে বিশ্বের সকল ভাষা ও সংস্কৃতির প্রতি জানাই আমাদের শ্রদ্ধা ও সংহতি।”
ডিবিএর পক্ষ থেকে আরও বলা হয়, মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখতে এবং সর্বস্তরে বাংলা ভাষার সঠিক চর্চা নিশ্চিত করতে বর্তমান প্রজন্মের সক্রিয় ভূমিকা প্রয়োজন। ডিবিএ বিশ্বাস করে, ভাষা শহীদদের স্বপ্নের সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে। ডিবিএ-এর পক্ষ থেকে সকল ভাষা শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়েছে।