মানবাধিকার কর্মী রঞ্জন কর্মকারের শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন
মানবাধিকার কর্মী রঞ্জন কর্মকারের শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন
নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৬
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ছাত্র সংসদের (জিএস) সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট মানবাধিকার কর্মী রঞ্জন কর্মকারের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার ১২ আগস্ট ২০২৬ সকাল ১০:২০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন। তাঁর প্রয়াণে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও মানবাধিকার অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। আজ ১৫ আগস্ট (শনিবার) বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকার পোস্তগোলা মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
সকাল ১০:০০ টায় রঞ্জন কর্মকারের মরদেহ বারডেমের হিমঘর থেকে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে আনা হয়। সেখানে মহানগর সার্বজনীন পূজা কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শুভাশিষ বিশ্বাস সাধন ও ঐক্য পরিষদের গণসংযোগ বিষয়ক সম্পাদক ব্রজগোপাল দেবনাথের সঞ্চালনায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা রঞ্জন কর্মকারের বর্ণাঢ্য কর্মজীবন, মানবিক মূল্যবোধ এবং মানবাধিকার আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন।
স্মরণসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল দেবনাথ, ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডিএন চ্যাটার্জী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আনোয়ার আলম চৌধুরী পারভেজ, মনিসিংহ ফরহাদ স্মৃতি ফাউন্ডেশনের আনোয়ার জাহিদ, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক দেবাশিস পাল, মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক, গুলশান-বনানী পূজা ফাউন্ডেশনের অলক সাহা, জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিবাস মাজি এবং প্রয়াত রঞ্জন কর্মকারের বোন তুলু কর্মকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
স্মরণসভা শেষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনকারী সংগঠনগুলোর মধ্যে অন্যতম—বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি, ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটি, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, নাগরিক সমাজ, নারী প্রগতি সংঘ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, স্টেপ টুওয়ার্ডস ডেভেলপমেন্ট এবং মনিসিংহ ফরহাদ স্মৃতি ফাউন্ডেশন।
এরপর বেলা ১২টায় তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও সিনেট ভবনে নেওয়া হয়, যেখানে শুভানুধ্যায়ীগণ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ পোস্তগোলা মহাশ্মশানে নিয়ে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়।
রঞ্জন কর্মকারের মৃত্যুতে মানবাধিকার, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারের আন্দোলনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।