• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রামগড় সীমান্তে বিজিবির মানবিক সহায়তা: অন্তু পাড়া বিদ্যালয়ে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৭, ২০২৫
রামগড় সীমান্তে বিজিবির মানবিক সহায়তা: অন্তু পাড়া বিদ্যালয়ে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার ভারত সীমান্তঘেঁষা দুর্গম অন্তু পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামগড় জোন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ৬৮ জন শিক্ষার্থীর হাতে এসব উপকরণ তুলে দেন রামগড় জোনের অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম। এসময় তিনি শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং শিক্ষাক্ষেত্রে তাদের এগিয়ে যাওয়ার বিষয়ে উৎসাহ প্রদান করেন।

জোন অধিনায়ক বলেন, “সীমান্ত রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি রক্ষা এবং উন্নয়নের ধারাবাহিকতায় বিজিবি এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। অন্তু পাড়া বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামগড় জোনের উপ-অধিনায়ক মেজর নুর আহমদ, বিজিবির অন্যান্য পদস্থ কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দুর্গম অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এ ধরনের মানবিক সহায়তা লেখা-পড়ার আগ্রহ বাড়াবে এবং শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930