• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১৪৩ ক্ষুদে শিল্পীর বাজিমাত

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৬
বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১৪৩ ক্ষুদে শিল্পীর বাজিমাত

একাত্তর ও জুলাইয়ের বীরত্বগাথা শিশুদের তুলিতে: বসুন্ধরার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১৪৩ শিক্ষার্থী পুরস্কৃত

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ ছবি আঁকা প্রতিযোগিতা ২০২৫’-এর পুরস্কার বিতরণী।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর হলে (নবরাত্রি) আয়োজিত এই অনুষ্ঠানে দুই ক্যাটাগরিতে মোট ১৪৩ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বমোট ৫,৮৭১ জন প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার মূল থিম ছিল— ‘একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থান’।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী শিল্পগুরু মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান। এছাড়াও সম্মানিত বিচারকমণ্ডলীর সদস্য বিশিষ্ট শিল্পী আবদুস শাকুর শাহ, ফরিদা জামান, অভিনেতা ও নির্দেশক আফজাল হোসেন এবং শিল্পী ধ্রুব এষ উপস্থিত থেকে বিজয়ীদের উৎসাহিত করেন।

প্রতিযোগিতায় ক্যাটাগরি-১-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আরাত্রিকা বড়াল। তার ছবিতে ফুটে ওঠে স্বাধীনতার জন্য লড়াই করা মানুষের অদম্য সাহস ও স্বপ্নের বাংলাদেশ। অন্যদিকে, ক্যাটাগরি-২-এ প্রথম স্থান অধিকার করে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী সুপ্রভা সাহা। সুপ্রভা তার ক্যানভাসে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে ২০২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক সংগ্রামের ধারাবাহিকতাকে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলে।

পুরস্কার প্রাপ্ত ১৪৩ জনের মধ্যে ১৩৯ জন শিক্ষার্থী বিভিন্ন ধাপে সম্মাননা লাভ করে এবং দুই ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে চারজন। এছাড়াও অদম্য মেধার স্বীকৃতি হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মধ্য থেকে একজনকে বিশেষ ক্যাটাগরি পুরস্কারে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদে শিল্পীদের এই কাজের মাধ্যমে বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও সংগ্রামের চিত্র নতুন প্রজন্মের হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবে। বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজের এই সৃজনশীল উদ্যোগ শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930