কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুর্ঘটনার খবর জানার পরপরই স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। আহতদের দ্রুত সু-চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
আজ শনিবার (৪ এপ্রিল ২০২৬) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এই প্রাণহানির ক্ষতি অপূরণীয়।”
বিবৃতিতে প্রধানমন্ত্রী হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি, তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ অবিলম্বে উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার নির্দেশ দেন।