নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ১০ হাজার মার্কিন ডলার আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ঢাকায় নেপাল দূতাবাসে নেপালের মাননীয় রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর হাতে সহায়তার চেক তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম।
এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, “নেপালের এই দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বিপদগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের এই সামান্য সহায়তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক সংহতির একটি নিদর্শন।”
চেক হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. মো. রফিকুল কবির, ট্রেজারার ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম এবং তহবিল সংগ্রহ বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এস. এম. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তহবিল সংগ্রহ বিভাগের উদ্যোগে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। নেপালের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন পূরণে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এই উদ্যোগ দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মানবিক সহযোগিতা ও সংহতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।